• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে আসছেন না ড. কামাল, বক্তব্য দেবেন ভিডিও কনফারেন্সে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেটে পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী সোমবার জনসভায় যোগ দেয়ার কথা থাকলেও আসছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ওসমানীনগরে একটি নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা ছিল তাঁর।
ঢাকায় একটি জরুরি প্রেস কনফারেন্সে যোগ দেয়ার কারণে তিনি জনসভায় যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন সিলেট গণফোরামের নেতৃবৃন্দ। তবে ওসমানীনগরের জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য দেবেন তিনি।
গণফোরামের সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলেন্দু দেব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে গণফোরামের প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান জানিয়েছিলেন, ড. কামাল হোসেন সোমবার সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। তার সাথে গণফোরামের কেন্দ্রীয় নেতারাও যোগ দেবেন।
প্রসঙ্গত, সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা। পরে লুনার প্রার্থীতা আদালত কর্তৃক বাতিল হওয়ায় ওই আসনে ঐক্যফ্রন্ট গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়।