• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নৌকা আর লাঙ্গল মিলে দেশের হবে উন্নয়ন: ইয়াহইয়া চৌধুরী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, নৌকা আর লাঙ্গল মিলে দেশের উন্নয়ন সাধিত হবে।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় সিলেট-২ আসনের বর্তমান এ সাংসদ তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমার প্রতি বিশ্বাস রেখে আমার হাতে লাঙ্গল প্রতীক তুলে দিয়েছেন। নৌকা লাঙ্গল একই মোহনায় প্রবাহিত হয়ে ৩০ ডিসেম্বর বিজয় নিশ্চিত করবে।
এর আগে দুপুর ২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়। জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম ও গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী।
সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তিন মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজনের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।
পরে বেলা ৩টা ১২ মিনিটের দিকে জনসভাস্থলে এসে পৌঁছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।