নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেছেন, নির্বাচনের জন্য ছাত্রলীগ প্রস্তুত। আমাদের উপর আস্থা রাখুন। ছাত্রলীগ নির্বাচনের জন্য সারা দেশে সংগঠিত হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি তার বক্তব্যে এ কথা বলেন।
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তিনশো আসনে দেয়া প্রার্থী আপনাদের পছন্দ নাও হতে পারে। যেহেতু মাননীয় সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে তার প্রতিনিধি হিসেবে প্রার্থী দিয়েছেন, তাই আপনারা নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবেন।
এর আগে দুপুর ২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়। জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম ও গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী।
সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তিন মাজার জিয়ারত শেষে বর্তমানে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজনের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করছেন।
বেলা আড়াইটার দিকে জনসভাস্থলে পৌঁছার কথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ‘নিজ খরচে’ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।