সিলেট :
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ধানের শীষের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ শেষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জকিগঞ্জ বাজারে এক পথ সভায় মিলিত হন।
পথ সভায় ধানের শীষের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ধানের শীষের সমর্থকদের গায়েবী হামলা, মামলা ও গ্রেফতার করে হয়রানী করার পরিণাম শুভ হবে না।
তিনি বলেন, বিগত ১০টি বছর দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবার আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আ.লীগ প্রার্থীরা বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন দেখেও না দেখার ভান করছে। এ সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে আগামী ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা দিয়ে ধানের শীষের বিজয় করতে হবে।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরো বলেন, প্রয়োজন হলে আমরা শাহাদাত বরণ করবো তবুও ভোট কেন্দ্র থেকে পিছপা হবোনা। আমরা সেই শপথ নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ভোটারদের সকল ভয় ভীতি উপেক্ষা করে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটপ্রয়োগের জন্য সিলেট-৫ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ মামুন, মাওলানা বিলাল আহমদ ইমরান, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, শরিফ উদ্দিন লস্কর, অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মুফতি মাসউদ আহমদ চৌধুরী, মাওলানা ইউসুফ খাদিমানি, হাফিজ ফখরুজ্জামান, খেলাফত মজলিস নেতা মাওলানা মখলিছুর রহমান, হাফিজ ফুযাইল আহমদ, ছাত্রনেতা আব্দুর রহমা নাদিম প্রমুখ।