কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের বিএনপির নেতাকর্মীরা আতঙ্কে দিনযাপন করছেন। গত দু’দিনে মামলার অভিযোগ দেখিয়ে পুলিশ ছাত্রদলসহ চারজনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, নির্বাচনে প্রচারনায় তাদের প্রকাশ্যে মাঠে দাঁড়াতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করাতে মরিয়া হয়ে উঠেছে। ফলে পুলিশ বিভিন্ন অভিযোগ তোলে তাদের গ্রেফতার করতে নানাভাবে হয়রানি করছে।
কমলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগের প্ররোচনায় পুলিশ গত দু’দিনে আমাদের ছাত্রদলের শিবলু, শিতিল, কাওসার ও যুবদলের শ্যামলকে বিনা কারনে গ্রেফতার করেছে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হানা দেওয়া হচ্ছে। ফলে নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান চারজনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বিভিন্ন মামলার আসামী থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।