• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নৌকার গণজোয়ারে ভীত হয়ে হামলা, অভিযোগ শ্রমিক লীগের

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হওয়ায় ভীত হয়ে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা নির্বাচনী প্রচার গাড়ীতে হামলা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক লীগ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য সচিব আরজু মিয়া।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ১৭ তারিখে শ্রমিক লীগের উদ্যোগে শ্রীমঙ্গল শহরে নৌকার পক্ষে বিশাল জনসভা ও মিছিল করা হয় ৷ এই বিশাল জনসভা ও মিছিল দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দল ভীত হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি-জামায়াতের মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের প্রচার গাড়িতে হামলা চালিয়ে আমাদের শ্রমিক লীগের দুই কর্মী হারুন মিয়া ও মিজানুর রহমানকে গুরুতর আহত করে। বর্তমানে তারা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমরা এই ব্যাপারে অভিযোগ দিয়েছি। আশা করবো প্রশাসন তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন শাহীন, শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক অর্জুন দাশ, সদস্য সচিব রুহেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর শাখার মোজাহিদুর রহমান ফটিক, নাজমুল হক চৌধুরী, এস এম ডি সেলিম, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।