নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা বিএনপির সভাপতিসহ দুজন ও জুড়ীতে ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পৃথক দুটি ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ (৫৮) ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার (৪৫), জুড়ী উপজেলা বিএনপির নেতা মাছুম রেজা (৪০), বিএনপি নেতা-শিক্ষক আব্দুল গফুর
সেলিম (৪৫) এবং বিএনপি নেতা রেজাউল করিম রাজু (৩০)।
বুধবার দুপুরে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজকে ও ভোররাতে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়।
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতিসহ দুজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম বুধবার বলেন, ‘নির্বাচনের প্রচার গাড়িতে হামলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং-১১। এই মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
অন্যদিকে জুড়ীতে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিনের প্রচারণা থেকে ফেরার পথে যুবলীগ নেতা আহমেদ কামাল অহিদের উপর ককটেল হামলার ও তাঁর ব্যক্তিগত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জুড়ী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় জুড়ী থানায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর রাতেই জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মাছুম রেজাসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-০৭। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।