• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রচারণায় অসুস্থ ডা. জাফরুল্লাহ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :সিলেটে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের প্রচারপত্র বিতরণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা তাকে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত পপুলার হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত  সাদেক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর নিন্ম রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেয়া হয়।
আর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বুধবার ঢাকা চলে গেলেও বাকিরা সিলেটের বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় যোগ দেন।
নির্বাচনী প্রচারে বুধবার রাতে সিলেটের জৈন্তাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও শহরতলীর মোগলাবাজারে জেএসডি সভাপতি আসম রব ও ডা. জাফরুল্লাহ চৌধুরী অংশ নেন।
তারা নগরীর দরগাগেইট এলাকার একটি হোটেলে রাত্রীযাপন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইটে সিলেট ত্যাগ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ও আসম রব সিলেটের গোলাপগঞ্জে ধানের শীষের প্রচারণায় যাচ্ছেন।তবে আজ দুপুরে একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।