• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাজীপুরের টঙ্গীতে তাবলীগ-জামাতের সংঘর্ষে শতাধিক আহত, সড়কে তীব্র যানজট

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৮

বিজয় ৭১
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী তাবলীগ-জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার ভোর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরে দুপুরে জোহরের নামাজের জন্য কিছু সময়ের বিরতির পর আবারও সড়কে বিক্ষোভ করছেন মুসল্লিরা।
সকাল থেকে এই উত্তেজনার মধ্যে বিমানবন্দর সড়কের টঙ্গীমুখী অংশে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মহাখালীর পর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বিমানবন্দর সড়কে দুই পাশের রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর থেকেই বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের সমর্থিত তাবলীগ-জামাতের মুসল্লিরা অবস্থান করছিলেন। ফজরের নামাজের আগে থেকে সা’দপন্থী মুসল্লিরা লাঠি,ছাতা ও ব্যাগ নিয়ে ইজতেমা মাঠের অন্যদিক দিয়ে প্রবেশ করতে শুরু করে।
ফজরের নামাজের পর থেকে সা’দপন্থী মুসল্লিরা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি এমদাদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে। র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।