• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রথম দিনে ছয়টি বিল উত্থাপিত, পাস একটি

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৮

বি৭১নি ডেস্ক : জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনে রোববার উত্থাপিত হয় ছয়টি বিল। এ ছাড়া আগের অধিবেশনে উত্থাপিত একটি বিল এদিন পাস হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এসব বিল সংসদে উত্থাপিত হয়। পরে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য বিলগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

বিলগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১৮ উত্থাপন করেন শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি ২৪ ঘণ্টার মধ্যে এই বিলের ওপর আলোচনা করে সংসদে রিপোর্ট প্রদানের অনুমোদন চান। এ ছাড়া দুটি বিল উত্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। একটি করে বিল উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

জনগরুত্বপূর্ণ এসব বিলের মধ্যে রয়েছে সরকারি চাকরি বিল ২০১৮, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিল ২০১৮, বাংলাদেশ শিশু একাডেমি বিল ২০১৮, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১৮, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ ও মৎস্য সঙ্গনিরোধ বিল ২০১৮।

অপরদিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ বিলটি পাস করা হয়। এই বিলটি এর আগের অর্থাৎ সংসদের ২২তম অধিবেশনে উত্থাপন করা হয়েছিল। ওই অধিবেশন ১০ কার্যদিবস চললেও ১৮টি বিল পাস করে রেকর্ড করে।

বি৭১নি/জেএ/বিনিডে