• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটের কোন আসনে প্রার্থী দিল কোন দল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩
সিলেটের কোন আসনে প্রার্থী দিল কোন দল

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন ও স্বতন্ত্র ১১ জন।

জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন সিলেট-২ আসনে। ওই আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ জাকের পার্টি ও বাংলাদেশ কংগ্রেনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি থেকে দুইজন করে প্রার্থী মনোনয়ন জমা দিেেছন। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৪ জন।

আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা হয়েছে সিলেট-৪ আসনে। ওই আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীর সংখ্যা মাত্র চার জন। আসনটিতে আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জাকের পার্টি মনোনয়নপত্র জমা দিয়েছে। সিলেট-৪ আসন থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।

এছাড়া সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এর মধ্যে ১ জন করে আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

সিলেট-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে একজন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী রয়েছে। এছাড়া আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন।

সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর প্রার্থী রয়েছেন। আর দুইজন করে প্রার্থী রয়েছেন তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র।

সিলেট-৬ আসনে একজন স্বতন্ত্র ও পাঁচটি রাজনৈতিক দল থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী দিয়েছে।