সিলেটে স্নাতক ডিগ্রিধারীদের চাকরি দিতে দুই দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনের সভাপতি শারমিন সুলতানা মিমি।
আগামী বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
শারমিন সুলতানা মিমি বলেন, ‘স্টেপস টুয়ার্ডস ইউর ড্রিম’ এই স্লোগানকে সামনে রেখে ‘ভিসা সেন্টার প্রেজেন্টস সাস্টসিসি জব ফেস্ট ২০১৮ সিজন-২’ শিরোনামে এ চাকরি মেলার আয়োজন করা হবে।
মেলায় ১৫টি কর্পোরেট কোম্পানি ১০০টির বেশি শূন্য পদের জন্য যোগ্য প্রার্থীকে বাছাই করবে। ম্যানেজমেন্ট ট্রেইনি, ইন্টার্ন, এক্সিকিউটিভ পদে এসব কোম্পানির সাথে কাজ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
শারমিন আরও বলেন, মেলার প্রথম দিন চাকরি প্রার্থীদের সিভি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্পোরেট কোম্পানির সেমিনার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন থাকছে প্রার্থীদের ইন্টারভিউ।
আয়োজনের প্রথম দিন সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ থাকবেন বলে জানান মিমি।