• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বন্য হাতির আক্রমণে কুলাউড়ার যুবদল নেতা শামিমের মৃত্যু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় ফেরার পথে গাজীপুর সংলগ্ন পাহাড়ী পথে বন্য হাতির রোষানলে পড়ে নিখোঁজ ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আজমল আলী শামীম (৪৫)। তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শাহিন মিয়া পালিয়ে বেঁচে যান।

জুড়ি থানা পুলিশ ও অন্যান্য সুত্রে জানা যায়, ফুলতলা থেকে মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় শামীম ও শাহিন মিয়া সাগরনাল – ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে হাতীর আক্রমনের শিকার হন। এসময় সাথের জন পালিয়ে যান। পরে পুলিশসহ স্থানীয়দের সহায়তায় বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শাহ্ সুন্দর রহ. (আদাআদির) মাজার সংলগ্ন এলাকায় একটি সড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের অবসরপ্রাপ্ত চাকুরীজীবি আমজদ আলীর একমাত্র পুত্র। তারা কুলাউড়া পৌর শহরের দক্ষিণ মাগুরা বাসা করে স্থায়ী বসবাস করতেন। মা, বাবা, স্ত্রী, দুই বোন, একমাত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন শামীম । এই ঘটনায় কুলাউড়ায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

দলীয় নেতকর্মীদের সুত্রে জানা যায়, পুলিশসহ স্থানীয়দের সহায়তায় বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শাহ্ সুন্দর রহ. (আদাআদির) মাজার সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।

জুড়ী থানার এএসআই মহসীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।