• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মহামারির নতুন ধাক্কা সামলাতে প্রস্তুতি নিন

bijoy71news
প্রকাশিত মার্চ ২৯, ২০২১

বি৭১নি ডেস্ক ::
করোনাভাইরাস মহামারির নতুন যে ধাক্কা আসছে, তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে। পাশাপাশি গত বছর মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন, সামনে সেভাবে দাঁড়াতে হবে। মানুষ যেন কষ্টে না থাকে। সরকারের পক্ষ থেকে আমরা যা করার করব। দল হিসেবে আওয়ামী লীগকেও মানুষের পাশে থাকতে হবে। যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, তাদের ওপর অনেক দায়িত্ব। মানুষের জন্য খাদ্য বিতরণ, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও নানা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রোববার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ও দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভা সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
প্রধানমন্ত্রী বলেন, যেহেতু ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার দেখা গেছে এবং এই ভাইরাসটাও আবার ভিন্ন ভিন্নভাবে এসেছে। তাই আমাদের ঠিক আগের মতো বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এই প্রাদুর্ভাব কতদিন থাকবে আমরা এখনো জানি না। তার জন্য আমাদের প্রস্তুতিটা থাকতে হবে।’
বক্তব্যে শেখ হাসিনা করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি নতুন করে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা বৃদ্ধির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব মাস্ক ছাড়া কেউ বাইরে যাবেন না। সামাজিক দূরত্ব মেনে চলবেন। সভা বা সিম্পোজিয়াম, সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক দূরত্ব মেনে চলুন। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি পালন করুন।’
স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্কুল-কলেজ খুলে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে এখন নয়, রোজার ঈদের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব। আর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কার কিংবা মেরামত লাগবে এই ফাঁকে সেই কাজ করব। পাশাপাশি, দেশের উন্নয়ন কাজগুলো চলতে থাকবে। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সে প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।’
সরকারপ্রধান বলেন, ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। সবাইকে ঘর করে দেব। আমরা প্রায় ৯৯ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। যেখানে বাকি আছে সেখানে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেব। সরকার স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’
তিনি বলেন, গত ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছি। এতসব অর্জনের কারণ বঙ্গবন্ধুর আদর্শ। এটা নতুন কিছু নয়, কোনো ম্যাজিকও নয়। এ দেশের মানুষ জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধ করেছে। ৭ মার্চের ভাষণে যা যা করতে বলেছেন, মানুষ তাই করেছে। তিনিই বলেছিলেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। আসলেও দাবায়ে রাখা যায়নি, যাচ্ছে না। আমরা তার আদর্শে দেশ পরিচালনা করে এগিয়ে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই জাতির পিতার স্বপ্ন। তার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ব-এটাই প্রতিজ্ঞা।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাঁচ দেশের প্রধান এসেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশ ও ২৭টি প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি। এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানের। এটাই আমাদের সার্থকতা। সময়ের অভাবে সব বার্তা শোনাতে পারিনি। বার্তাগুলো রক্ষিত আছে। এগুলো তৃণমূল পর্যন্ত প্রচার করতে হবে। তাদের শুভেচ্ছা বার্তা যেন জনসাধারণ জানতে পারে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনকে এগুলো প্রচারে কাজ করার নির্দেশনা দেন তিনি।
ইতিহাস বিকৃতির প্রসঙ্গ টেনেও প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করতে দেওয়া হয়নি। ৭ মার্চের ভাষণও নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশ ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর নানা কর্মসূচি নিয়েছিলাম। তারপরও চক্রান্ত থামেনি। ২০০১-এ আমাদের ক্ষমতায় আসতে দেয়নি। কিন্তু ফল তো ভালো হয়নি। পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। নানা খাতে পিছিয়েছে বাংলাদেশ।
বঙ্গবন্ধুকন্যা বলেন, সবুজ বাংলা আরও সবুজ করতে বৃক্ষরোপণ করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে; কোনো জলাশয় যেন অনাবাদি না থাকে। খাদ্য উৎপাদন করে নিজেদের প্রস্তুত রাখতে হবে। করোনা পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না, যাতে অন্তত খাদ্য সংকট না হয়।