বি৭১নি ডেস্ক :
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আজ পর্যন্ত সারা বিশ্বে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
বাংলাদেশে নতুন তিনজনসহ এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন দুজন।
আজ বিকেলে আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আক্রান্তদের দুজন দেশের বাইরে থেকে এসেছেন এবং অপরজন বিদেশ ফেরত একজনের থেকে সংক্রমিত হয়েছেন।’