• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে ‘লকডাউন’ ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

bijoy71news
প্রকাশিত মার্চ ২১, ২০২০

বি৭১নি ডেস্ক :
করোভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশকে ‘লকডাউন’ ও জরুরি অবস্থার ঘোষণা করা পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছে এ পরামর্শের বিষয়টি তুলে ধরেন বিশ্ব সংস্থার বিশেষজ্ঞরা।
তার আগে সাঈদ খোকনের বনানীর বাসভবনে বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনেকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, ‘দেশে লকডাউন অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পুরোপুরি না হলে অন্তত আংশিক লকডাউন তৈরি করা। একইসঙ্গে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমরাও দেখেছি, যেসব দেশে লকডাউন করা হয়েছে বা জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেখানে নতুন আক্রান্তের বিষয়টি নিয়ন্ত্রণে আছে। নতুন করে সংক্রমণ কম হয়েছে। তাই আমরা তাদের জানিয়েছি, তাদের এই পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পেশ করব। কারণ সরকারপ্রধান হিসেবে তিনিই শুধু এই সিদ্ধান্ত নিতে পারেন।’
সাবেক এই মেয়র আরও বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় দুইভাবে কাজ করতে হবে। এক, সরকার তার পদক্ষেপ নেবে, যেটি সরকার নিচ্ছে। আর দুই, আমাদের জনগণকে সচেতন হতে হবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানা, জরুরি গণস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এল সাক্কা হাম্মান, সিডিসিপির যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. মাইকেল ফ্রিডম্যান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ প্রমুখ।