• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুদকের বাছির কারাগারে

bijoy71news
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এই আদেশ দেন। একইসঙ্গে জেল কোড অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত।
এর আগে গতকাল সোমবার রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি তদন্ত দল।
গতকাল রাতে তাকে রমনা থানায় রাখা হয়। আজ দুপুরে তাকে আদালতে তোলা হয়।
এদিন বাছিরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। আর দুদকের পক্ষে এর বিরোধিতা করেন আইনজীবী মোশারফ হোসেন কাজল। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দুদক কর্মকর্তা বাছিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।