বি৭১নি ডেস্ক :
‘বঙ্গবন্ধুকে জানো-দেশকে ভালোবাস’ এই স্লোলগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ সহ মোট ১০০ নির্বাচিত বই নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবের্ষর পাঁচ মাস আগে থেকে শুরু করতে যাচ্ছে ২০ মাসব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বইমেলার আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী।
আজ শনিবার শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে বিকেল ৪টায় এই বইমেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কথাশিল্পী সেলিনা হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেবেন- সাংবাদিক-লেখক সৈয়দ ইশতিয়াক রেজা, কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক কথাশিল্পী মোস্তফা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করবেন রূপা চক্রবর্তী, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, শামীম আরা মুন্নী, তামান্না সারোয়ার, কাজী বুশরা আহমেদ তিথি, পলি পারভীন।
দেশের সব জেলা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পর্যায়ক্রমে অবস্থান করবে এই বইমেলার গাড়ি। ১০০ বই দিয়ে সাজানো হচ্ছে ‘শ্রাবণ বইগাড়ি’। এই বইগাড়িতে একটি ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে যার মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ, সাক্ষাৎকার, তাকে নিয়ে প্রচারিত গান, কবিতা, তথ্যচিত্র ও বইয়ের বিজ্ঞাপন দেখানো হবে।
এর আগে শ্রাবণ প্রকাশনী গত আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ও তার প্রকাশিত বই নিয়ে এক মাসের ভ্রাম্যমাণ বইমেলা করেছিল। পাশাপাশি গত ডিসেম্বর থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত শ্রাবণ প্রকাশনী মুক্তিযুদ্ধের ৪০০ নির্বাচিত বই নিয়ে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা পরিচালনা করে যা দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ওপর শ্রাবণ প্রকাশিত ১০টি বই আছে এবং জন্মশতবর্ষ উপলক্ষে আরও ১০টি বই প্রকাশিত হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে আয়োজিত এই বইমেলায় শ্রাবণ প্রকাশিত বই ৪০ ভাগ ছাড়ে বিক্রি হবে এবং অন্যান্য প্রকাশনীর বই ২৫ ভাগ ছাড়ে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই এই দীর্ঘ বইমেলার জন্য ফেসবুকের মাধ্যমে সারা দেশে একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। যা বঙ্গবন্ধুকে নিয়ে ভালো বইগুলোর পাঠক তৈরিতে আমাদের সহায়তা করবে।