• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর যুবলীগের বর্ধিত সভায় শেষ মূহুর্তে যোগ দিচ্ছে না একাংশ

bijoy71news
প্রকাশিত জুন ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনের সুর বাতাসে ভাসছে। সম্মেলনের প্রাক প্রস্তুতি হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবলীগের বর্ধিত সভার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আজ শনিবার (২৯ জুন) সিলেট মহানগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতার অভিযোগ এনে আজকের সভায় যোগ দিচ্ছেন না বর্তমান আহবায়ক কমিটির শীর্ষ কয়েকজন নেতা ও তাদের অনুসারীরা।
আজ (শনিবার) বিকেল পাঁচটায় সিলেট নগরীর ইব্রাহিম স্মৃতি সংসদে অনুষ্ঠিত হবে মহানগর যুবলীগের বর্ধিত সভা। এ সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়াও কেন্দ্র থেকে সভায় যোগ দিচ্ছেন প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হোসেন আতিক।
দীর্ঘদিন পর সম্মেলন ও বর্ধিত সভাকে ঘিরে নেতাকর্র্র্মীরা উজ্জীবিত হলেও শেষ মূহুর্তে এসে তা আবারো খেই হারিয়েছে। সিলেট মহানগর যুবলীগের একাংশের অভিযোগ, অনেকগুলো ওয়ার্ডে পূর্বের কমিটি বিলুপ্ত না করে তড়িঘড়ি করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কোন কোন ওয়ার্ডে এখনো দুটি কমিটি বহাল রয়েছে। বর্ধিত সভা ও সম্মেলন আয়োজনের ক্ষেত্রে কেন্দ্রের সাথে কোন সমন্বয় করা হয় নি। বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র কয়েকজন নেতা অভিযোগ করেছেন, তারা এ সভার কোন দাওয়াত-ই পান নি। আহবায়ক কমিটির অনেক নেতা এ বর্ধিত সভার বিষয়ে অবগত নন।
কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ অভিযোগ করে বলেন, ‘বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হওয়া সত্তে¡ও আমি আজকের সভার কোন দাওয়াত পাইনি। তারা কাদের নিয়ে এ সভা করছেন তা আমার জানা নেই, এ সভা সাংগঠনিক নিয়মে হচ্ছে না।’
সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ জানান, ‘বর্তমান আহবায়ক কমিটির কয়েকজন নেতা আমাদের সাথে কোনরকম সমন্বয় না করেই সভা আয়োজন করেছেন। তারা তাদের পছন্দের ব্যক্তিদের নিয়ে হুট করে ওয়ার্ড কমিটি গঠন করে বর্ধিত সভায় ডেকে নিচ্ছেন। আমরা তাদের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে সভায় যোগ দেব না।’
দলের সিনিয়র কয়েকজন নেতার এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুুক্তির ব্যক্তিগত মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেন নি।
এদিকে বৃহস্পতিবার (২৭ জুন) কমিটির গঠনের পরদিন শুক্রবার (২৮ জুন) ওই কমিটি বিলুপ্তির দাবিতে ঝাড়ু মিছিল করেন ১২নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। তারা দাবি করেন চিহ্নিত জামায়াত-বিএনপির নেতাকর্মীদের নিয়ে ১২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।