• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকবে পর্তুগাল

bijoy71news
প্রকাশিত জুন ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত মি. কার্লোস পেরেইরা মারকিউজ (Carlos Pereira Marques)। আজ শনিবার সকালে স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন পর্তুগালের রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন, গভীর সমুদ্র বন্দর, ব্লু- ইকোনমি, বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড. শিরীন শারমিন ও মি. কার্লোস।
এ সময় স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে পর্তুগালের দ্বি-পাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। দুদেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে জানিয়ে ড. শিরীন শারমিন বলেন, ৮ দশমিক ১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ করতে পর্তুগালের রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান তিনি।
রাষ্ট্রদূত কার্লোস পেরেইরা মারকিউজ পর্তুগালের সঙ্গে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকারও প্রত্যাশা ব্যক্ত করেন।