• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

১১৯৮ কোটি টাকার সুদ মওকুফ করেছে সাত ব্যাংক : অর্থমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুন ২২, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাষ্ট্রায়াত্ত সাতটি ব্যাংক থেকে গত বছর (জানুয়ারি-ডিসেম্বর) ছয় হাজার ১৬৩টি ঋণ হিসেবের বিপরীতে এক হাজার ১৯৮ কোটি ২৪ লাখ টাকার সুদ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ শনিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন।
অর্থমন্ত্রী জানান, সবচেয়ে বেশি সুদ মওকুফ করেছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটি ২ হাজার ৮টি ঋণের বিপরীতে ৪৯৪ কোটি ৪৪ লাখ টাকা সুদ মওকুফ করেছে। এ ছাড়া বেসিক ব্যাংক ১৯টি ব্যাংক হিসেবের বিপরীতে এক কোটি ৬৯ লাখ, জনতা ব্যাংক ২ হাজার ৪৭৩টি ঋণ হিসেবের বিপরীতে ৫৩ কোটি ৮১ লাখ, রূপালী ব্যাংক ২০৩টি ঋণ হিসেবের বিপরীতে ১৩৪ কোটি ২৬ লাখ, সোনালী ব্যাংক ১৪টি ঋণ হিসেবের বিপরীতে ৭৩ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬৬টি ঋণ হিসাবের বিপরীতে ৪৩৫ কোটি ৯৬ লাখ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১ হাজার ৩৮০টি ঋণ হিসেবের বিপরীতে ৪ কোটি ৩৫ লাখ টাকা সুদ মওকুফ করে।
এই তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সরকারি নির্দেশনার আলোকে তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের সুদ মওকুফ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং মোট সুদ মওকুফের বিবরণী বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করে। ওই বিবরণীতে ঋণ গ্রহীতার তথ্য থাকে না।
আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে পৃথকভাবে ঋণ গ্রহীতার নাম, ঠিকানা ও মওকুফকৃত সুদের পরিমাণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সময়সাপেক্ষ। তাই বাংলাদেশ ব্যাংকে রক্ষিত তথ্যের ভিত্তিতে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো থেকে ২০১৮ সালে অনুমোদিত মোট সুদ মওকুফের পরিমাণ সংসদে তুলে ধরা হয়।