• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি জানান, ৬৪ জেলার ইসলামী ফাউন্ডেশনের তথ্য, মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম প্রমুখ।
এর আগে গতকাল সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়াও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায়ও ঈদ উদযাপন করা হচ্ছে।