• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এই মোদী সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত মে ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আশা প্রকাশ করছেন- এই মোদী সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অনেক আগেই অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে এটি এতোদিন আটকে ছিলো। আশা করছি মোদি সরকারের এই আমলেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে।
শুক্রবার দুপুরে সিলেট এসে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রী এমন প্রত্যাশার কথা জানান।
ভারতে পুণরায় নরেন্দ্র মোদী বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার আনন্দিত বলেও এসময় মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদী’র উষ্ণ সম্পর্ক। নরেন্দ্র মোদী উন্নয়নের পক্ষের লোক। ইতিমধ্যে তিস্তা চুক্তি সমাধানের ব্যাপারে সব ধরনের কাজ শেষ হয়েছে। দ্রুতই এর মীমাংসা হবে। এছাড়াও ভারতের সাথে বাংলাদেশের ৫৪ টি নদী সংযুক্ত রয়েছে। সেগুলো নিয়েও মোদী সরকারের সাথে আলোচনার মাধ্যমেসমস্যা সমাধান সম্ভব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক পৃথিবীতে বিরল। ইতিমধ্যে অনেক বড় বড় সমস্যা কেবল আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে।
বিকেলে সিলেট সিটি করপোরেশনে মতবিনিময় সভা শেষেও সাংবাদিকদের কাছে ফের এই প্রত্যাশার কথা জানান মন্ত্রী।
বেলা ৩টায় সিলেট নগরীর উন্নয়ন নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। নগরভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নগরীর উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ড. এ কে আব্দুল মোমেনের সহায়তা কামনা করেন সিটি মেয়র ও কাউন্সিলররা। মন্ত্রীও সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন।