• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

৬ মাসের জন্য জব্দ থাকা পাসপোর্ট পাচ্ছেন আরিফ

bijoy71news
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৮


সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে তাঁর পাসপোর্ট ছয় মাসের জন্য ফিরিয়ে দিতে জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন হাই কোর্ট।

একইসাথে ছয় মাস পর আবার জেলা প্রশাসকের কাছে পাসপোর্ট ফেরত দিতেও আদেশে উল্লেখ করেছেন আদালত। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে হাই কোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবীরা।

এ তথ্য নিশ্চিত করেন আরিফের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে থাকা আরিফুল হক চৌধুরীর মেয়ের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তাঁর পাসপোর্ট চেয়ে আমরা সকালে হাই কোর্টে আবেদন করি। আবেদনের শোনানি শেষে রিচারক এ রায় দেন।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পাওয়ার পর আরিফুল হক চৌধুরী যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য উচ্চ আদালতের নির্দেশে তার ব্যবহৃত পাসপোর্ট জব্দ করা হয়। ২০১৭ সালের ৪ জানুয়ারি সিলেট দায়রা জজ আদালতের বিচারকের কাছে নিজের পাসপোর্ট জমা দেন আরিফ। পরে অবশ্য দুই দফায় আরিফ তাঁর পাসপোর্ট আদালত থেকে অনুমতি নিয়ে আনলেও কাজ শেষে তা আবার জমা রাখেন।