• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বানিয়াচংয়ে সুদের টাকার জন্য শিকলে বেঁধে নির্যাতন

bijoy71news
প্রকাশিত মে ৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
হবিগঞ্জের বানিয়াচংয়ে কানন বালা দেব নামে সাবেক এক মহিলা ইউপি সদস্যকে বলপূর্বক তোলে নিয়ে দরজা বদ্ধ ঘরে শিকলে বেঁধে নির্যাতন করেছে প্রতিপক্ষের লোকেরা। সুদের টাকার জেরে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয় দাবি করছেন নির্যাতিত। পরে পুলিশ গিয়ে কানন বালাকে শিকলে বাধা বন্দীদশা থেকে উদ্ধার করে।
শনিবার (৪ মে) দুপুরে বানিয়াচং সদরের রায়ের পাড়ায় এ ঘটনা ঘটেছে। কানন বালা একই পাড়ার সুনীল চন্দ্র দেবের স্ত্রী। তিনি দক্ষিণ-পশ্চিম ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।
এ ব্যাপারে কানন বালা দেব জানান, মেয়েকে বিয়ে দেয়ার সময় পাশের গ্রামের টেনু মিয়ার স্ত্রী দোলন বেগমের কাছ থেকে সুদের ওপর ১ লাখ টাকা নেন। এসময় ব্যাংকের দুটি চেকের পাতাও দেন দোলন বেগমকে। ১ লাখ টাকায় ৬ মাসে নগদ ৭৮ হাজার টাকা লাভ দেন। পরবর্তীতে ৫ লাখ টাকা মূল্যের বাড়ির ৫ শতক জায়গাও দেন রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি অফিসে চেকের পাতা ফেরত চাইলে বাড়িতে এসে দেবে বলে। বাড়িতে এসেও চেক ফেরত দেয়নি। নানা অজুহাতে সময় ক্ষেপণ করে।
এদিকে শনিবার (৪ মে) সকাল ১১টার দিকে পুকুরপাড় থেকে কানন বালাকে জোরপূর্বক তুলে নেয় দোলন ও তার স্বামী টেনু মিয়া। দোলনের ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এক পর্যায়ে কানন বালাকে ঘরের মধ্যে রেখে বাহিরে তালাবন্ধ করে রাখে। কানন বালাকে তুলে নেয়ার সময় পাশের বাড়ির ফারজান নামে এক ছেলে দেখেছে। ফারজিন কানন বালার পরিবারের সদস্যদের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত পৌঁছে কানন বালাকে বন্দিদশা অবস্থায় উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোলন বেগম পালিয়ে যান।
এ সম্পর্কে জানতে অভিযুক্ত টেনু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে অস্বীকার করেন। তবে লেনদেন নিয়ে এরকম ঘটনা ঘটেছে এটি তিনি পরস্পর মাধ্যমে শুনেছেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িতরা পালিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।