• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সমালোচনার মুখে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবির

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ডিজাইন প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ ব্যাপারে জানতে চাইলে আজ মঙ্গলবার ক্রিকেটে অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমিও মাত্র শুনলাম। একটা টিভিতে যেহেতু বোর্ড প্রেসিডেন্ট বলেছেন তা কনফার্মই। দুপুরে জার্সি পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
এর আগে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সি উন্মোচিত হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফির হাতে জার্সি তুলে দিয়ে এর উন্মেচন করা হয়। এরপর জার্সি গায়ে দিয়ে বিসিবি সভাপতি, পরিচালক থেকে শুরু করে বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়রা ফটোসেশন করেন।
জার্সিটি উন্মোচন হওয়ার পর থেকে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সবুজ এই জার্সিতে বাংলাদেশের পতাকার আদলে লালের মিশ্রণ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
এই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল আছে দাবি করে এমন জার্সি পরিবর্তনের দাবি তোলেন সমালোচনাকারীরা।
বিশ্বকাপে বাংলাদেশের জার্সির রং রঙ কলাপাতা সবুজ। কলারের দিকটায় আছে গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। সামনে সাদা অক্ষরে লেখা বাংলাদেশ। বুকে বিসিবির লোগো, বাহুতে স্পন্সরের লোগো। কিন্তু পুরো জার্সিতে কোথাও লাল রং নেই। আর এতেই ক্ষুব্ধ হন সমর্থকরা।