• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৌতুক অভিনেতা আনিস আর নেই

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিষয়টি নিশ্চিত করে অভিনেতার জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল বলেন, বাবা সুস্থ ছিলেন। রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন। ওখানেই তার স্ট্রোক হয়।
শিমুল আরও বলেন, সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে আর নামাজে জানাজা পর তার মরদেহ নিয়ে যাওয়ার হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানে বাদ আসর তাকে সমাহিত করা হবে।
এদিকে কৌতুক অভিনেতা আনিসের চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, ‘কৌতুক অভিনেতা আনিস আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। সকাল ১১টায় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) তার জানাজা অনুষ্ঠিত হবে।’
আনিস চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন চিত্রসম্পাদক হিসেবে। তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজের লিও দোসানী ফিল্মসে সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস।
উল্লেখ্য, ১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আনিস। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন।
বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে অভিনয় করছেন আনিস। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। প্রায় আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।