হবিগঞ্জ প্রতিনিধি :
রমাজান মাসকে সামনে রেখে হবিগঞ্জ শহরের বিভিন্ন খাবার হোটেল ও ইফতারী পণ্যের গুদামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে হবিগঞ্জ শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ও ইফতারী পণ্যের গুদামে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং মূল্য তালিকা যথাযথভাবে না রাখায় শহরের পুরাতন পৌরসভা রোডের আইয়ূব আলী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শহরের দুই নাম্বার পুল এলাকার হোসাইন রেস্টুরেন্টকে দুই হাজার টাকা এবং একই অপরাধে চৌধুরী বাজার এলাকার জগন্নাথ ভোজনালয়কে আরো দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ইফতারে বহুল ব্যবহৃত চানাচুর-মুড়ির প্যকেটে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ না থাকা ও বিষাক্ত রং মিশ্রিত পানিয় বিক্রি করার অপরাধে চৌধুরী বাজারের জয় বাবা লোকনাথ স্টোরকে আরো দুই হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে প্রতি কেজি প্রোল্ট্রি মোরগের মূল্য ১৩০ টাকার জায়গায় ১৫০ টাকা রাখার অপরাধে শায়েস্তানগর এলাকার শেখ পোল্ট্রি ফার্মকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ভেজাল পণ্য বিনষ্ট করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান- আসন্ন রমজান মাসে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন সদর থানা পুলিশের একটি টিম।