• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার সাথে জড়িত বাস চালক জুয়েল আহমদ ও সহকারী মাসুক আলীর বিরুদ্ধের দায়ের করা মামলার ধারা পরিবর্তনসহ ৭ দফা দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে ধর্মঘট পালন করছেন তারা।
ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
ধর্মঘটের কারণে সকাল থেকে নগরীতে চলাচলের ক্ষেত্রে একমাত্র বাহন হিসেবে রিকশার আধিক্য দেখা যাচ্ছে। তাছাড়া মোটরসাইকেল ও প্রাইভেটগাড়িও চলাচল করতে দেখা যায়। তবে কোনো অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি।
এর আগে শনিবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলন করে শেরপুরে দুর্ঘটনায় সিকৃবির ছাত্র নিহতের ঘটনায় মৌলভীবাজার থানায় দায়ের করা হত্যা মামলার ধারা পরিবর্তনসহ ৭টি দাবি তুলে ধরেন তারা।
শ্রমিকদের দাবিগুলো হলো- ২৩ মার্চ মৌলভীবাজার থানায় দুর্ঘটনা মামলা নং-২২ (৩)১৯ থেকে দন্ডবিধি ৩০২ এর স্থলে ৩০৪ ধারা লাগাতে হবে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানার পরিমাণ ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা করতে হবে, এই আইনে ৮৪, ৯৮ ও ১০৫ ধারাকে জামিনযোগ্য করতে হবে, এই আইনের ৮৪ ও ৯৮ পৃথক ধারা দুটিতে জরিমানা ৩ লাখের স্থলে ৩০ হাজার করে করা, জটিল দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে ধারা নির্ধারণ এবং তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের এই দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহ্বান করা হবে।