বি৭১নি ডেস্ক :
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত জায়ানের (৮) মরদেহ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার পৌনে ২টার দিকে তিনি সেখানে যান।
এর আগে দুপুর ১টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর পর দুপুর দেড়টার দিকে বিমানবন্দর থেকে জায়ানের লাশ সরাসরি বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বরে তার নানার (শেখ সেলিম) বাসভবনে নিয়ে আসা হয়।
আজ বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট শিশু জায়ান। সে উত্তরার সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই শেখ সেলিম। তাই পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়ে যেত জায়ানকে। তার মৃত্যুতে দাগ কেটেছে প্রধানমন্ত্রীকে। এজন্য গতকাল মঙ্গলবার ব্রুনাই সফর থেকে ফিরে বিমানবন্দরেই শেখ সেলিমের কাঁধে হাত রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন হোটেলসহ আটটি স্থানে বোমা হামলা চালানো হয়। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই শিশু, যার মধ্যে রয়েছে বাংলাদেশের শিশু জায়ান চৌধুরী। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ৫০০ জন।