• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্রম আইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
মহান মে দিবসে সর্বাত্মক ছুটি কার্যকর করার দাবীতে সিলেট জেলা হোটল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-১৯৩৩ এর অন্তর্ভুক্ত) চন্ডিপুল, বাইপাস আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার বিকালে আব্দুস সামাদ চত্বরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস সাউথ সিটি সিএনজি পাম্পের পাশে এক সমাবেশে মিলিত হয়।
চন্ডিরপুল-বাইপাস আঞ্চলিক কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহবায়ক আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সহ সভাপতি মো. মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সভাপতি মো. শাহীন মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভুঁইয়া, তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি জুয়েল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস উপলক্ষে ১ মে সারা বিশ্বের শ্রমিক শ্রেণি ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশেও সর্বস্তরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। বিগত বছরের মত এবারও হোটেল শ্রমিকদের স্ব-বেতনে ছুটি দিতে হবে।
বক্তারা আরো বলেন, রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাটাই বন্ধ ও ঈদ উৎসব বোনাস প্রদান এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরীর গেজেট, নিয়োগপত্র, পরিচয়পত্র, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরী, সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, উৎস ছুটি, নৈর্বত্তিক ছুটি প্রদানসহ শ্রম আইন কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকদের নিকট জোর দাবী জানান।