• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘গানের রাজা’র বিচারক রুনা লায়লা

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘গানের রাজা’র মহোৎসব। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক হচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের অতিথি বিচারক হিসেবে থাকবেন উপমহাদেশের বরেণ্য এই শিল্পী। এছাড়াও জানা গেছে, অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর (এমপি) মহোৎসবের একটি পারফরমেন্সে অংশ নেবেন। আরও থাকছে চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি, সঙ্গীতশিল্পী এস আই টুটুল, তপন চৌধুরী, তপু, ডলি সায়ন্তনী ও আগুনসহ জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
‘এসিআই এক্সটা ফান কেক-চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’ প্রতিযোগিতার শীর্ষ ৫ প্রতিযোগী অংশ নেবে এ উৎসবে। তারা হলেন- ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চামকা (রাঙামাটি) ও সিঁথি সরকার (ময়মনসিংহ)।
লাক্স সুপারস্টার টয়া ও শিশুশিল্পী সাহিরের উপস্থাপনায় অনুষ্ঠানটি ১৯ এপ্রিল রাত সাড়ে ৭টায় সরাসরি প্রচার হবে চ্যানেল আইতে।
এদিকে, রিয়েলিটি শো ‘গানের রাজা’ অনুষ্ঠানটি টিআরপি রিপোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের সকল টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে প্রথম অবস্থানে আছে এবং ইতোমধ্যে বেশ কয়েকবার শীর্ষস্থান অর্জন করেছে।
উল্লেখ্য, শিশুশিল্পীদের অংশগ্রহণে ‘গানের রাজা’ প্রতিযোগিতার প্রধান দুই বিচারক হিসেবে আছেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল।