• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রুবি ফাতেমার মৃত্যুতে জেলা ও মহানগর আ’লীগ নেতৃবৃন্দের শোক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহিলা নেত্রী হিসেবে দলকে সুসংগঠিত করার জন্য রুবি ফাতেমা ইসলাম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ও আন্তরিকভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন আদর্শবান, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে হারালো।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রুবি ফাতেমা ইসলাম সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক প্রয়াত ওহিদুল ইসলাম তোফার স্ত্রী ও সাবেক এমপি হাবিবুর রহমানের কন্যা। রুবি ফাতিমা এক ছেলে ও এক মেয়ের জননী।
আজ (মঙ্গলবার) বাদ এশা গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লাউয়াই মসজিদে নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। বর্তমানে লাশ নগরীর মিরাবাজারস্থ নিজ বাসা খাঁরপাড়া মিতালী-১ এ রাখা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।