বি৭১নি ডেস্ক :
ফোকগানের শিল্পী জনপ্রিয় শিল্পী মমতাজ। অন্যদিকে ব্যান্ড সংগীতের পরিচিত মুখ ওয়ারফেজের সাবেক ভোকালিস্ট মিজান। দু’জন দুই ধারার গানের বাসিন্দা। এবার এ দু’জন এক হলেন বৈশাখের একটি গানে। ‘নতুন বছর এলো, চলো গান তুলি বৈশাখী/ তুমি-আমি-আমরা মিলে উৎসব বেশি বেশি’ কথার এই গানটির সুর-সংগীত করেছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। সম্প্রতি মোহাম্মদপুরে একটি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘বৈশাখের জন্য চমৎকার একটি গান গাইলাম। ফুয়াদ যুক্তরাষ্ট্র থেকে এর সুর-সংগীত করে পাঠিয়েছে। গতকাল বিকেলে মোহাম্মদপুরে ফুয়াদের ছোট ভাইয়ের স্টুডিওতে এর ভয়েস দিলাম। কথা, সুর-সংগীত সব মিলিয়ে অসাধারণ।’
তিনি আরও বলেন, ‘গানটি বাংলালিংকের বৈশাখী আয়োজন। এতে বৈশাখের আমেজ পাওয়া যাবে। আরও ভালো লাগার বিষয় হচ্ছে, গানটিতে শ্রোতারা ফোক ও ব্যান্ড মিউজিকের স্বাদ পাবে। সব মিলিয়ে, গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
জানা গেছে, কিছুদিনের মধ্যেই গানটির ভিডিও নির্মাণ করা হবে। আর বৈশাখে গানটি প্রকাশ হবে বাংলালিংকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।