• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে গ্যাস সিলিন্ডারের বিপক্ষে শুরু হচ্ছে যৌথ অভিযান

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে অবৈধ ও অনিরাপদ গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিপক্ষে যৌথ অভিযান শুরু হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামীকাল রবিবার থেকে এ অভিযান শুরু হবে। সিসিক ছাড়াও অভিযানে থাকবে বিস্ফোরক অধিদপ্তর, পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জালালাবাদ গ্যাস ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শুক্রবার নগরীর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনার পর শনিবার সকালে নগর ভবনে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পর্কিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সিলেটের বিভিন্ন স্থানে অবৈধ ও অনিরাপদভাবে গড়ে উঠা অক্সিজেন ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সকল অনুমোদন আছে কি না এবং পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে কি না সেসব বিষয় ক্ষতিয়ে দেখার জন্য এ অভিযান পরিচালনা করা হবে। কারো কাগজপত্র কিংবা নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সিটি কর্পোরেশন ও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অক্সিজেন ও গ্যাস সিলিন্ডার ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে মাইকিং ও লিফলেটিং করার বিষয়ে একমত প্রকাশ করেন সকলে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, এসএমপির অতিরিক্ত উপ কমিশনার বিভূতি ভূষন ব্যানার্জী, জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক মো. আব্দুল মুমিন, পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেডের পরিচালক খন্দকার হাসান জগলুল, সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রাফি, স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেডের সিইও মো. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিরা।
একই সাথে সভায় ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দিতে সবকিছু বিষদভাবে দেখার জন্য সিসিক ও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।