• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলে দেওয়া হলো জি বাংলাসহ সব চ্যানেল

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতীয় টেলিভিশন জি বাংলাসহ জি নেটওয়ার্কের চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। আজ বুধবার দুপুরের পর থেকে চ্যানেলগুলো দেখা যাচ্ছে।
এর আগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক নোটিশে আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার করা হচ্ছে- তা জানতে চাওয়া হলে বাংলাদেশে ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয় পরিবেশক প্রতিষ্ঠান জাদু ভিশন লিমিটেড।
তবে বুধবার থেকে জি নেটওয়ার্কের চ্যানেলগুলোর সম্প্রচার আবার শুরু হয়েছে নিশ্চিত করেন জাদু ভিশন লিমিটেডের কাস্টমার সার্ভিস কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘সাময়িকভাবে বন্ধ থাকা জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বাংলাদেশে খুলে দেওয়া হয়েছে।’
এর আগে গত সোমবার থেকে দেশে জি বাংলাসহ সকল জি নেটওয়ার্কের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে নানা ধরনের কথা ছড়ায়। সকলের ধারণা সরকার চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। তবে গতকাল মঙ্গলবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি।’
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন,২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান অনুযায়ী, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ।