• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজিবের ওপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না: শাবি ভিসি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০১৯

শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব সরকারের ওপর হামলাকারীদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় এরই মাঝে মামলা করেছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবেও সিদ্ধান্ত নেয়া হবে।’
সোমবার ভিসির কনফারেন্স রুমে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম, সহ-সভাপতি রিফাত আল মামুন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদ, মোয়াজ্জেম আফরানসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে শাবি ভিসি বলেন, ‘অতি দ্রুত সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া এ মাসের শেষে শিক্ষার্থীদের জন্য দুটি বাস আসবে। আমরা ভাড়ায় বাস নেয়ার সংস্কৃতি থেকে আস্তে আস্তে বের হয়ে আসবো।’
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভালো চান না এমন একটি চক্র সর্বদাই সক্রিয়। তারা সবসময় বিশ্ববিদ্যালয়টিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।’
২০১৯ এর শেষ নাগাদ বিশ্ববিদ্যালয়টিতে অবকাঠামোগত অনেক কাজই শুরু হয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও শাবি প্রশাসন ইতিবাচক বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি।
গত ২৩ মার্চ বাংলা বিভাগের শিক্ষার্থী রাজিব সরকারের ওপর হামলার ঘটনায় এর আগে ১০ মার্চ গঠিত তদন্ত কমিটিকেই দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘রাজিবের ওপর হামলাকারীরা যেই-ই হোক না কেন, কেউই পার পাবে না। আমরা এরই মাঝে মামলা করেছি। প্রশাসনিকভাবেও খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। বিশ্ববিদ্যালয়কে একটি সুশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।’
ছাত্রলীগের মধ্যকার বিভিন্ন উত্তেজনার জন্য গ্রুপের নেতারাই অধিকাংশ দায়ী বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদের হলে থাকার সুযোগ বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অছাত্রদের কারণে আমরা নতুনদের জায়গা দিতে পারছি না। হলগুলোকে আমরা গুছিয়ে আনার চেষ্টা করছি।’