• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন হিগুয়েইন

bijoy71news
প্রকাশিত মার্চ ৩০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিকে বিদায় জানালেন গঞ্জালো হিগুয়েইন। গতকাল বৃহস্পতিবার ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার ঘোষণা দিয়েছেন জাতীয় দল থেকে অবসরের।
হিগুয়েইন বলেন, ‘আমি এ সিদ্ধান্ত নিয়েছি, কারণ বাকি সময়টা পরিবারের সঙ্গে উপভোগ করতে চাই। একমাত্র মেয়ের সঙ্গে দুর্দান্ত সময় কাটাতে চাই। আমার মনে হয়, দেশকে যা দেওয়ার ছিল দিয়ে ফেলেছি। এখন পুরোপুরি চেলসির প্রতি দায়বদ্ধ। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা দারুণ। সেটিই উপভোগ করতে চাই। টুর্নামেন্টটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও।’
বিদায়বেলায় সেই তিক্ত স্মৃতির কথাও ভোলেননি ৩১ বছর বয়সী এ ফুটবলার। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি যেসব গোল মিস করেছি, মানুষ সেগুলোই মনে রেখেছে। যেগুলো করেছি সেগুলো নয়। এটি সত্যি-আমরা চূড়ান্ত সাফল্য পাইনি। তাই বলে শুধু ব্যর্থতার গল্প শোনালেই হবে না।’
বর্তমানে ক্লাব ফুটবলে এখন চেলসির হয়ে খেলছেন এই ফুটবলার। ২০১৮ সালের পর জাতীয় দলে দেখা যায়নি তাকে।
২০০৯ সালে প্রথম আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন হিগুয়েইন। ২০১৮ সাল পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে ৫টিসহ ৩১ গোল করেছেন এ ফরোয়ার্ড, যা আর্জেন্টিনার ইতিহাসে ব্যক্তিগত ষষ্ঠ সর্বোচ্চ।
আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন হিগুয়েইন। প্রতিটি ফাইনালি লড়াইয়ে সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ফলে নন্দিত হওয়ার চেয়ে নিন্দিত হয়েছেন বেশি।