• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত মার্চ ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিসহ বিদেশে পালিয়ে থাকা সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (৩০ মার্চ) সকালে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুল দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের আগে তার পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, সারাদেশে ব্যাপক আনুষ্ঠানিকতায় উৎসব উদযাপনের পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর খুনিসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কানাডার খুনিকে ফেরানোর ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে।
তাঁর পরবর্তী আমেরিকা সফরে পলাতক খুনিদের ফেরানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সিলেট নগরীর আগুনের ঝুঁকি ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও জানান মন্ত্রী।