নিজস্ব প্রতিবেদক :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ‘হত্যার’ ঘটনায় সিকৃবির শিক্ষার্থীদের তিনদিনের আল্টিমেটামের শেষ দিনেও ক্ষোভে উত্তাল সিকৃবি ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা টিলাগড়ে সড়ক অবরোধ করে রাখেন।
ক্লাস বর্জন, পরীক্ষা স্থগিতসহ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলে দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারিও প্রদান করছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে জড়ো হতে শুরু করে সিকৃবির শিক্ষার্থীরা। সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টিলাগড়স্থ মাদানী শাহী ঈদগাহ পয়েন্টে সমবেত হন।
এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিতে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা ওয়াসিম হত্যা মামলার দ্রুত বিচার কার্যক্রম শুরু করা, মামলার আসামি বাসের সুপারভাইজারকে গ্রেপ্তারসহ উদার পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রাখে।
রোববার (২৪ মার্চ) সিকৃবির শিক্ষার্থীরা ওয়াসিম ‘হত্যার’ প্রতিবাদে নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পাঁচ দফা দাবি জানিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন তারা।
দাবিগুলো হলো- অভিযুক্ত চালক ও সহকারীর ফাঁসি দ্রুত কার্যকর করা, উদার পরিবহনের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে না দেয়া, অদক্ষ চালক দিয়ে গাড়ি না চালানো এবং সড়কে শিক্ষার্থীসহ সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা।
তাছাড়া শিক্ষার্থীরা ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন ও পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন।
পূর্বের দাবীগুলোর সাথে নতুন আরও কয়েকটি দাবি যুক্ত করে শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।
২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)