নিজস্ব প্রতিবেদক :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে দিয়ে ‘হত্যার’ ঘটনায় মামলা করতে যাচ্ছে সিকৃবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল বডির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড বলেন, আমাদের ছাত্র ওয়াসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোন দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। ওয়াসিমের পরিবার শোকে মুহ্যমান, তাই তারা হয়তো কোন মামলা করতে যাচ্ছে না। কিন্তু ওয়াসিম হত্যার বিচারের দাবিতে আমরা হত্যা মামলা করতে প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও বলেন, ঘটনার সময় প্রত্যক্ষদর্শী দশ ছাত্রকে নিয়ে আমরা মৌলভীবাজার সদর থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। যেহেতু এটা পরিষ্কারভাবে একটি হত্যাকাণ্ড, সেহেতু আমরা হত্যা মামলা দায়ের করবো।
ইতিমধ্যে ঐ ঘটনার সময় নিহত ওয়াসিমের সাথে থাকা ১০ সহপাঠীকে নিয়ে মামলা করার জন্য মৌলভীবাজার সদর থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত একটি টিম।
এদিকে ওয়াসিমকে বাসচাপা দিয়ে ‘হত্যার’ প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
রোববার সিকৃবির শিক্ষার্থীরা ওয়াসিম হত্যার দাবিতে নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পাঁচ দফা দাবি জানিয়ে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনদিনের কর্মসূচিতে পাঁচ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো- অভিযুক্ত চালক ও হেলপারের ফাঁসি দ্রুত কার্যকর করা, উদার পরিবহনের রোড পারমিট ও লাইসেন্স বাতিল করা, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে না দেয়া, অদক্ষ চালক দিয়ে গাড়ি না চালানো এবং সড়কে শিক্ষার্থীসহ সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা।
তাছাড়া শিক্ষার্থীরা ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন ও পরীক্ষা স্থগিতেরও দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিকৃবি কর্তৃপক্ষ ছাত্রদের আন্দোলন মেনে নিয়ে সকল ক্লাস বর্জন এবং পরীক্ষা স্থগিত ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে সিকৃবি বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম জানান, আমাদের ছাত্র ওয়াসিম হত্যার প্রতিবাদে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ২৭ মার্চ পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করবো। আমরা চাই আমাদের ছাত্র ওয়াসিম হত্যার বিচার হোক।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।