বি৭১নি ডেস্ক :
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও বহু আগে নাম লিখিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে তিনি অভিনয় করছেন তারই প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে। এর কাজ, এখনও চলছে। কাজ শেষ হওয়ার আগেই, ঈদের জন্য ‘পাসওয়ার্ড’ ছবিটি তিনটি প্রেক্ষাগৃহে বুকিং নিশ্চিত হয়ে গেল। গতকাল সন্ধ্যায় বুকিং মানি হিসেবে সাড়ে ১১ লাখ টাকা হাতে পেয়েছেন প্রযোজক শাকিব খান ও মোহাম্মদ ইকবাল হোসেন।
প্রযোজক ইকবাল বলেন, ‘প্রতি ঈদে শাকিব খানের ছবি মানেই আলাদা এক চমক। তার ছবির প্রতি হল মালিকদের আগ্রহটাও বেশি থাকে। ব্যতিক্রম ঘটেনি “পাসওয়ার্ড” ছবির বেলায়ও। এরই মধ্যে হল মালিকরা ছবিটি তাদের হলে প্রদর্শনের জন্য যোগাযোগ শুরু করেছে। গতকাল আমরা তিনটি হলের বুকিং চূড়ান্ত করেছি। এগুলো হলো ময়মনসিংহের ছায়াবানী, সিরাজগঞ্জের নিউ রজনীগন্ধা ও শেরপুরের রূপকথা। সব থেকে বেশি রেটে এই হলগুলো বুকিং হয়েছে। আরও বেশ কয়েকটি হল নিয়ে কথাবার্তা চলছে।’
মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কিছুদিন আগে ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং শুরু হয়েছে। প্রায় ৭০% কাজ শেষ হয়েছে। শিগগিরই ছবির গানগুলোর শুটিং করতে দেশের বাইরে যাবেন তারা।
এদিকে, ‘পাসওয়ার্ড’ ছবিটি নির্মাণ করছেন মালেক আফসারী। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এতে আরও আছেন ইমন, ডন, অমিত হাসানসহ অনেকে।