• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশে হত দারিদ্র্য বলে কিছু থাকবে না : প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত মার্চ ২০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ভবিষ্যতে দেশে হত দারিদ্র্য বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের গ্রামে দারিদ্র্যে হাহাকার, থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই-এই কষ্টগুলো বাবাকে ব্যথিত করেছে এবং সেজন্যই তিনি জীবনের সবকিছু ত্যাগ করে বাংলাদেশের মানুষের জন্য কষ্ট স্বীকার করে গেছেন।’
তিনি বলেন, ‘তার (বঙ্গবন্ধু) কষ্টের কারণেই আমরা স্বাধীন রাষ্ট্রের জাতি হিসেবে পেয়েছি মর্যাদা। দারিদ্র্যের হার কমিয়ে এনেছি, এক সময় বাংলাদেশে হত দারিদ্র্য বলে কিছু থাকবে না।’এ সময় অতি দারিদ্র্যের হার ১১ ভাগে নামিয়ে আনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে, সেটা ধরে রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখে শতবার্ষিকীতে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলা হবে।
শেখ হাসিনা আরও বলেন, জাতীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের জন্য ১০২ সদস্যের জাতীয় কমিটি ও ৬১ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যন্ত যাতে জন্মবার্ষিকী উদযাপন করা হয় সরকার সে ব্যবস্থা গ্রহণ করবে।