নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ল’ (আইন) কলেজে মেধা তালিকার বাইরে ৭ শিক্ষার্থীকে ভর্তি করানোর দাবি নিয়ে প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অবস্থিত ল’ কলেজে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রণজিৎ সরকারের অনুসারী ছাত্রলীগের সঞ্জয় ও ঝোটনের নেত্বত্বে একদল ছাত্রলীগে নেতা-কর্মীরা সিলেটের ল’ কলেজে এ হামলা চালায়। এসময় তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং কলেজের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিনিয়ে নেয়।
এর আগে ৭ শিক্ষার্থীকে মেধা তালিকার বাইরে ও বিনা খরচে ভর্তি করানোসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে গতকাল (বুধবার) রাত রাত সাড়ে ১১টার দিকে সিলেট ল’ কলেজের অধ্যক্ষে এডভোকেট সৈয়দ মহসিন আহমেদের বাসায় যান ছাত্রলীগের সঞ্জয় ও ঝোটন। এসময় তারা কলেজ অধ্যক্ষকে সেই সাত শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য চাপ প্রয়োগ করেন।
এদিকে এ ৭ শিক্ষার্থীকে ভর্তির ব্যাপারে কলেজ অধ্যক্ষ অপারগতা প্রকাশ করলে আজ সকাল সাড়ে এগারোটায় দিকে তারা এ হামলার ঘটনা ঘটায়।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমেদ বলেন, “মেধা তালিকার বাইরের ৭জন শিক্ষার্থীকে ভর্তি করানোর মতো অনৈতিক আবদার নিয়ে আমার কাছে আসে সিলেট ল’ কলেজ থেকে ২ বছর আগে পাশ করে বের হয়ে যায় দুই শিক্ষার্থী সঞ্জয় ও ঝোটন। আমি তাদের অনুরোধে সাড়া না দিলে তারা আজ কলেজ ক্যাম্পাসে হামলা ঘটনা ঘটায়।”
এটা তাদের প্রতিবছরের আদবার বলেও জানান কলেজটির অধ্যক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। তবে এখনই আমরা খবর নিচ্ছি।”