শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ফটো প্রদর্শনী। ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা)’ এর উদ্যোগে এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনের সভাপতি প্রভা মেহেদী জয়।
লিখিত বক্তব্যে সভাপতি বলেন, ‘ইনকুয়েস্ট ইনসাইট-৪’ শিরোনামে ৪র্থ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই প্রদর্শনী। শাবিপ্রবি’র প্রদশর্নীর পর ঢাকাতেও একই শিরোনামে ২য় পর্বে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি শাবিপ্রবি’র একাডেমিক ভবন ‘ই’ এর গ্রাউন্ডে এবং দ্বিতীয় পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
শাবিতে ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সংগঠনটির উপদেষ্টাবৃন্দ। প্রদশর্নী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, এই প্রদশর্নীতে ৮টি দেশ থেকে প্রায় ৩৫০০টি ছবি জমা হয়েছিল। তার মধ্য থেকে একক ক্যাটাগরিতে ৩৮টি, মোবাইল ক্যাটাগরিতে ৩৪টি এবং ফটোস্টোরি ৭টিসহ মোট ১০২টি ছবি প্রদশর্নীতে স্থান পেয়েছে। ২০১৬ সালে প্রথম জাতীয়ভাবে শাবিপ্রবিতে এই প্রদশর্নী চালু করা হয়েছিল। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ সময় সুপা’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ফারজানা রিয়া, নিশাত গিয়াস জুই, তন্ময় কর, জাহিন আজমাইন, প্রতীক সিনহা, মাসুদ রানা সরকার প্রমুখ।