• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে একটি চক্র তৈরি হয়েছে’

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে একটি চক্র তৈরী হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার বদলে চক্রটি কয়েকদিন পরপর মেলার আয়োজন করে। এছাড়া ঈদুল আযহার মৌসুমে বসানো হয় পশুর হাট। এমন অবস্থায় খেলার মাঠটি তার প্রকৃত পরিচয়ই হারাতে বসেছে।
মাঠের পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান কিংবা বক্ষ ব্যাধী হাসপাতালের রোগিদের সুবিধা-অসুবিধার কথা চিন্তা না করে বারবার মেলার আয়োজন নিয়ে রয়েছে সিলেটজুড়ে অসন্তোষ। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা একাধিকবার মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করলেও কোনো কাজ হয় নি।
এরপর মেলা বন্ধের পাশাপাশি খেলার আয়োজনের দাবিতে গত বুধবার (৬ ফেব্রুয়ারি) জনস্বার্থে সিনিয়র সহকারী জজ সদর আদালতে একটি মামলা দায়ের করেছেন নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা সৈয়দ ইয়ারব আলী বাপ্পী। তার আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মামলার শুনানী শেষে বানিজ্য মেলার আয়োজকদের কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন আদালত। এমনকি কারণ দর্শানোর জন্য সাতদিন সময়ও বেঁধে দেন সিনিয়র সহাকরী জজ সদর আদালত।
এদিকে কারণ দর্শানো আদেশের পরও পুরোদমে চলছে মেলার আয়োজন। রোববার (১০ ফেব্রুয়ারি) স্টেডিয়ামের প্রদান ফটকে শেখ রাসেলের নামের উপর বসানো হয়েছে মেলার ব্যানার। এতে অবাক হয়েছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা।
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে একটি চক্র তৈরী হয়েছে। যারা কয়েকদিন পরপর খেলার জায়গায় মেলার আয়োজন করে করে। পশুর হাটের আয়োজন করেন। এ নিয়ে আমরা বারবার প্রতিবাদ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেলের নামের উপর ব্যানার লাগানো বঙ্গবন্ধু পরিবারকে অবমানার সামিল।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কার্যালয়ের অফিসের এরকম ব্যানার দিয়ে শেখ রাসেলের নাম ঢাকা মেলা কর্তৃপক্ষের ঠিক হয়নি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, মেলা কর্র্তৃপক্ষ এরকম কাজ করা ঠিক হয়নি। শেখ রাসেলের নাম ফলকে কোনো ধরণের ব্যানার বা পোস্টার লাগানো মানে শেখ রাসেলকে অবমানা করা। এ বিষয়ে আমি মেলা কর্তৃপক্ষের সাথে আলাপ করবো।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলার আয়োজন করে জাতির জনকের সন্তান শহীদ শেখ রাসেলসহ জাতির জনকের পরিবারকেও অবমাননা করা হচ্ছে। ওই মাঠে গরুর বাজার হয়। মূলত এটা যে খেলার মাঠ তা সিলেটের মানুষ ভুলে গেছে। শেখ রাসেলের নাম ফলকে ব্যানার দিয়ে ঢাকা তাদের ঠিক হয়নি।