সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫জন আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষকিভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। বিশ্বম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বেইলি সেতুর ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করে। ট্রাকের ভেতরে আটকা পড়ে আরেক শ্রমিকের লাশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো ৫ শ্রমিককে।
এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম জানান, এক জনের লাশ উদ্ধার হয়েছে, আরো একজনের লাশ ট্রাকের ভেতরে আটকে আছে। ট্রাকটি উদ্ধারে চেষ্ঠা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।