• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভুয়া প্রশ্নপত্র বিতরণকারী চক্রের সদস্য গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের তাহেরপুর থেকে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণকারী চক্রের ১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।
রোববার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় তাহেরপুর থানাধীন উজান তাহেরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাহিম মিয়া। সে সিলেটের সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার উজান তাহেরপুর এলাকার বিপ্লব মিয়ার ছেলে।
৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া, র‌্যাব-৯) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর থানাধীন উজান তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে নাহিম মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল।
র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাহিম মিয়া (সোহেব সারোয়ার) আইডি খুলে উক্ত আইডির মাধ্যমে ২০১৯ সালের চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি পেজ তৈরী করে। উক্ত পেজ ও ইনবক্সের মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে বাংলা প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমান বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
উদ্ধারকৃত আলামত, স্ক্রিন শট ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের পর সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।