• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জ মুমিনছড়া প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
লেখাপড়ার মান ঠিক রাখতে সরকার লড়াই করে যাচ্ছে। নানা উদ্যোগ নিচ্ছে মন্ত্রনালয় ও স্থানীয় প্রশাসন। কিন্তু আড়ালে থেকে যাচ্ছে সুবিধা বঞ্চিত চা শ্রমিক সন্তানদের শিক্ষা ব্যবস্থা। তেমনি বেহাল দশা দৃশ্যমান হয় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মুমিনছড়া প্রাথমিক বিদ্যালয়ে।
চা-শ্রমিক সন্তানদের জন্য ১৯৯৬ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও আজ পর্যন্ত আধুনিক কোন সুবিধা পায়নি স্কুলটি। পঞ্চম শ্রেনী পর্যন্ত শতাধিক শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মাত্র দুইটি কক্ষ। এতেই টানাটানি করে চলছে পাঠদান। জায়গা সংকটে শিক্ষার্থীরা বিদ্যালয় সামনে খোলা জায়গায় বসে পড়াশোনা করতে দেখা যায়। ফেঞ্চুগঞ্জ কে শতভাগ বিদ্যুৎ অঞ্চল ঘোষনা করলেও এ বিদ্যালয় বিদ্যুৎবিহীন।
এমন কি শতাধিক শিক্ষার্থীদের জন্য টিউবওয়েল ও টয়লেটের ব্যবস্থা নেই। জরুরি সময় পার্শ্ববর্তী বাড়ি বা জঙ্গল শিক্ষার্থীদের ভরসা। এতে করে বাড়ছে স্বাস্থ্য ঝুকি। এরকম বেহাল বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সহজেই অনুমেয়।
শিক্ষার্থী ও অবিভাবকরা বলেন, ক্লাসরুম, পানি, বাথরুম নেই এ অবস্থায় অন্যান্য স্কুলের মত বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের ধরে রাখা অসম্ভব।
স্থানীয় আওয়ামীলীগ নেতা বিজন দেব নাথ জানান, বিদ্যালয়ের নতুন একটি কক্ষ হবে সেই সাথে বিদ্যালয়টি এমপিওভুক্ত ও অন্যান্য সুবিধার জন্য সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ডিও লেটার প্রদান করেছেন।
ঘিলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী লেইস চৌধুরী বিদ্যালয়ের বেহাল দশা স্বীকার করে বলেন, বিদ্যালয় ভূমিটি এখনো বিদ্যালয়ের নামে দেয় নি বাগান মালিক পক্ষ। এ ব্যাপারে এমপি সাহেবের নির্দেশনা নিব। কোন ফান্ড পেলে বিদ্যালয়ের টিউবওয়েল, টয়লেটের ব্যবস্থা করে দিবেন বলে জানান তিনি।