বি৭১নি ডেস্ক :
বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় চার্জ গঠন করা হয়েছে।
বুধবার সিলেটের জননিরাপত্তা আদালতে বিচারক জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক মামলার আসামি ৩ জঙ্গির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন।
এ সময় মামলার আসামি জেএমবি নেতা মুফতি মইন উদ্দিন, আব্দুল মাজেদ ভাট, মো. মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জননিরাপত্তা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী জানান, হামলার ঘটনায় এদিন বিশেষ ক্ষমতা আইনে মামলার (নম্বর-৫২/১৬) অভিযোগ গঠন করা হয়। এছাড়া আরেক মামলায় (দায়রা ১১৮৬/১৬) সাক্ষ্যগ্রহণ ছিল। কিন্তু আদালতে সাক্ষীরা হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর এ মামলার অপর তিন আসামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা মুফতি আব্দুল হান্নান ওরফে আবুল কালাম, শরীফ সাহেদুল ইসলাম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে অন্য মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে তাদের ফাঁসি কার্যকর হয়েছে।